টানা কমতির ধারায় স্বর্ণের বাজার, আবারও কমল দাম

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৬

ছবি: সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে আবারও দামের পতন ঘটেছে। টানা কমতির ধারায় ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেট: প্রতি ভরি ২,৪০,৩৩৬ টাকা,  ২১ ক্যারেট: প্রতি ভরি ২,২৯,৪৩০ টাকা,  ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৯৬,৬৫৫ টাকা,  সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৬০,১৪৬ টাকা।

এর আগে, বুধবার (২৯ এপ্রিল) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ দফা দাম বেড়েছে এবং ২৭ দফা কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পেয়েছিল।

স্বর্ণবাজারে ঘন ঘন এই দামের ওঠানামা ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে হিসাব-নিকাশের চাপ তৈরি করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top