আমার কোনো পুরুষের দরকার নেই: মালাইকা
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১৫:৪০
বলিউডের আলোচিত অভিনেত্রী মালাইকা অরোরাকে ঘিরে আলোচনা যেন থামছেই না। বিশেষ করে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল আরও বেড়েছে।
গত দুই বছরে কখনো এক হিরে ব্যবসায়ীর সঙ্গে, আবার কখনো একটি জনপ্রিয় অনুষ্ঠানের পরিচিত মুখ সৌরভ বেদীর সঙ্গে তার নাম জড়িয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। ফলে কে তার জীবনের বিশেষ মানুষ—এ প্রশ্নে নতুন করে সরব হয়েছে বিনোদন অঙ্গন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে মুখ খুলেছেন মালাইকা। তিনি জানান, এসব গুঞ্জন এখন তিনি মজা হিসেবেই নেন। এমনকি ছেলে আরহান খানের সঙ্গে বসে এসব নিয়ে হাসাহাসিও করেন বলে জানান এই অভিনেত্রী।
গত বছর একটি সংগীত অনুষ্ঠানে এক ব্যবসায়ীর সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর ছড়ায়। পরে তাদের একসঙ্গে বিদেশ ভ্রমণের খবরও সামনে আসে। এর মধ্যেই আবার সৌরভ বেদীর সঙ্গে তার নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনা শুরু হয়।
একজন একক মা হিসেবে জীবনযাপন নিয়ে প্রশ্ন করা হলে মালাইকা পরিণত ও আত্মবিশ্বাসী উত্তর দেন। তিনি বলেন, জীবনের অনেক কিছুই পরিকল্পনা করে হয় না। যা হওয়ার, তা নিজে থেকেই ঘটে। বর্তমানে তিনি নিজের জীবন নিয়ে সুখী এবং সন্তুষ্ট বলেও জানান।
তিনি আরও বলেন, সঙ্গী থাকা নিঃসন্দেহে সুন্দর একটি বিষয়, তবে এখন তিনি সক্রিয়ভাবে কাউকে খুঁজছেন না। তার ভাষায়, ‘এই মুহূর্তে কাউকে আমার চাই-ই চাই—এমন অনুভূতি নেই।’
নিজেকে নিয়ে গর্বের কথা জানিয়ে মালাইকা বলেন, তিনি নিজেই নিজেকে গড়ে তুলেছেন। তাকে সম্পূর্ণ করতে কোনো পুরুষের প্রয়োজন নেই।
দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন। বয়সকে উপেক্ষা করে তার ব্যক্তিত্ব, গ্ল্যামার এবং স্বাধীনচেতা জীবনধারাই এখন তাকে আলাদা পরিচয়ে প্রতিষ্ঠিত করেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।