অভিনেতা রাহুলের মৃত্যুর ৫ দিন পর এফআইআর দায়ের
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৫:১৪
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অবশেষে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার পাঁচ দিন পর শনিবার (৪ এপ্রিল) কলকাতার রিজেন্ট পার্ক থানায় প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আর্টিস্ট ফোরাম। এ ঘটনায় পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে শুক্রবার রাতেই এফআইআর করার সিদ্ধান্ত নেয় আর্টিস্ট ফোরাম। সেই অনুযায়ী শনিবার দুপুরের পর একাধিক তারকা ও শিল্পী থানায় উপস্থিত হন। তাদের মধ্যে ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তীসহ আরও অনেকে।
এদিন থানায় উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও। তাকে বেশ ভেঙে পড়া অবস্থায় দেখা যায়। তিনি নিজ হাতে অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন, যা মামলাটিকে আরও গুরুত্ব দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ২৯ মার্চ ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং চলাকালীন পানিতে ডুবে মারা যান রাহুল। তবে তার মৃত্যুকে ঘিরে এখনও একাধিক প্রশ্ন রয়ে গেছে। ঘটনার সময় তিনি শুটিং করছিলেন, নাকি কাজ শেষ হয়ে গিয়েছিল—এ নিয়ে পরস্পরবিরোধী তথ্য সামনে আসায় ধোঁয়াশা তৈরি হয়েছে।
এ ঘটনার প্রকৃত কারণ জানতে এর আগে প্রযোজনা সংস্থাকে চিঠি দিয়েছিল আর্টিস্ট ফোরাম। যদিও তাদের জবাবে সন্তুষ্ট হতে পারেননি সদস্যরা। এরপর বৈঠকে বসে আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।
এদিকে রাহুলের স্মরণে শনিবার টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছে। ‘জাস্টিস ফর রাহুল’ শিরোনামে বিকেল ৪টায় এই মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে শিল্পী, কলাকুশলী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচিতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব যেন না থাকে, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।