রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৮:৪৩

ছবি: সংগৃহীত

১৩৩টি অধ্যাদেশের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চান জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যসূচি শুরুর আগে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করার জন্য একটি বিশেষ কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির পেশ করা রিপোর্ট স্পিকার অনুমোদন করেছেন। রিপোর্টে কিছু অধ্যাদেশ ‘ল্যাপস’ (বিলুপ্ত) করার প্রস্তাব রাখা হয়েছে। ডা. শফিকুর রহমান বলেন, এই অধ্যাদেশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ‘জুলাই স্পিরিটের’ সঙ্গে সম্পর্কযুক্ত।

তিনি আরও বলেন, আজকের কার্যসূচিতে ‘সম্পূরক কার্যসূচি’ নামে একটি পাতা পেয়েছি। সেখানে কিছু বিল সামনে আনা হয়েছে, যা সম্ভবত ওই অধ্যাদেশগুলোকে কেন্দ্র করে আনা হয়েছে। যদি তাই হয়, তবে এসব অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা করার সুযোগ থাকা উচিত।

প্রস্তাবের প্রেক্ষিতে আইনমন্ত্রী জানান, বিরোধীদলীয় নেতা যে দুটি বিলের কথা বলেছেন, সেগুলো কোনো অধ্যাদেশ থেকে উদ্ভূত নয়। এগুলো মন্ত্রণালয় থেকে পাঠানো নতুন বিল, যা ১৩৩টি অধ্যাদেশের অন্তর্ভুক্ত নয়। আইনমন্ত্রী যোগ করেন, ল্যাপসের প্রস্তাবের কিছু অধ্যাদেশ সংরক্ষণ করা হচ্ছে এবং পরবর্তীতে বিল আকারে যাচাই-বাছাই করে সংসদে উত্থাপন করা হবে।

এরপর স্পিকার সংসদ সদস্যদের মনে করিয়ে দেন, ৯ তারিখের মধ্যে প্রায় ৯৩টি বিল পাস করতে হবে। তিনি বলেন, সকল বক্তব্য পরবর্তীতে বিবেচনা করা হবে।

আছরের নামাজের বিরতির পর আইনমন্ত্রী পূর্ব বক্তব্যে একটি ছোট সংশোধনী দেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা যে দুটি আইনের কথা উল্লেখ করেছেন, সেগুলো আসলে ১৩৩টি অধ্যাদেশের মধ্যেই ছিল।

বিরোধীদলীয় নেতা পুনরায় বলেন, ল্যাপস করার প্রস্তাবিত অধ্যাদেশগুলো জনগণের অধিকার সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এগুলো সংসদে উত্থাপন করা উচিত এবং আলোচনার সুযোগ থাকা উচিত।

আইনমন্ত্রী এই প্রস্তাবে প্রতিশ্রুতি দেন, প্রত্যেকটি অধ্যাদেশ সংসদে উত্থাপিত হবে। ফার্স্ট রিডিং ও সেকেন্ড রিডিংয়ের সময় এ নিয়ে আলোচনা করা সম্ভব হবে। বর্তমানে যে দুটি অধ্যাদেশ বিল আকারে এসেছে, সেগুলো বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী পাস করার জন্য সংসদে পাঠানো হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top