বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিক মাসুদকে বিয়ে করলেন কলেজছাত্রী
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ২১:২৮
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করার ঘটনা ঘটেছে, যা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার রাতে উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে। পারিবারিক আয়োজনে প্রবাসী ছেলের সঙ্গে বন্যা আক্তারের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়। ছয় লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে কাবিননামা সম্পন্ন করার পর বরযাত্রীদের খাওয়াদাওয়াও শেষ হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ওই সময় হঠাৎ মাসুদ নামের এক যুবক সেখানে উপস্থিত হয়ে দাবি করেন, বন্যা আক্তারের সঙ্গে তার দুই বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি মোবাইলে তাদের একাধিক ছবি দেখান। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে কনের পক্ষের লোকজন তাকে মারধর করেন। এতে মাসুদ অজ্ঞান হয়ে পড়েন এবং পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে।
এরপর নববধূ বন্যা আক্তার জানান, তিনি প্রেমিক মাসুদের সঙ্গেই সংসার করতে চান। পরবর্তীতে প্রবাসী বর হৃদয় ও তার পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রথম বিয়ে ভেঙে দেওয়া হয়।
রাতের শেষ ভাগে প্রায় সাড়ে তিনটার দিকে ৪ লাখ টাকা দেনমোহরে মাসুদ মিয়ার সঙ্গে পুনরায় বন্যা আক্তারের বিয়ে সম্পন্ন হয়।
এ বিষয়ে বন্যা আক্তার জানান, দীর্ঘদিন ধরে মাসুদের সঙ্গে তার সম্পর্ক ছিল। পরিবারের চাপে তিনি প্রথমে প্রবাসী ছেলেকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।