জামায়াতের নারী এমপি হচ্ছেন জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ২১:৩৯
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। তিনি একক প্রার্থী হওয়ায় তার সংসদ সদস্য হওয়া প্রায় নিশ্চিত বলে জানা গেছে।
মাত্র ছয় বছর বয়সী জাবির ইব্রাহিম ২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা এলাকায় পুলিশের গুলিতে নিহত হয়। সে উত্তরা এলাকার কেসি আদর্শ বিদ্যালয় ও কলেজের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। সেদিন বাবা কবির হোসাইনের সঙ্গে একটি আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে গিয়ে সে গুলিবিদ্ধ হয় এবং পরে শহীদ হয়।
শহীদ জাবিরের মা রোকেয়া বেগম একজন গৃহিণী। তাদের তিন সন্তানের মধ্যে জাবির ছিল সবচেয়ে ছোট। তার বাবা কবির হোসাইন একটি বেসরকারি মোবাইল খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে কর্মরত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ছোট্ট জাবির শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিতে আগ্রহী ছিল এবং পরিবারের সঙ্গে ৫ আগস্টের কর্মসূচিতে যোগ দেয়।
ঘটনার দিন আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে জাবির গুরুতর আহত হয়। তার উরুতে গুলি লাগে। পরে তাকে কোলে করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলেও প্রয়োজনীয় রক্ত সংযোগে জটিলতার কারণে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এদিকে আসন্ন সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী জোট মোট ১৩টি আসন পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে জোট শরিকদের মধ্যে কয়েকটি আসন ভাগ করে দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাগপাকে একটি করে আসন দেওয়া হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে সাতটি আসনে নিজেদের নারী নেত্রীদের মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন নারী বিভাগীয় নেত্রী, সহকারী নেত্রী, আইন ও প্রচার বিভাগের দায়িত্বশীলসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীরা।
এছাড়া জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি থেকে দুইজন নারী প্রার্থী মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে জাগপা ও বাংলাদেশ খেলাফত মজলিস থেকেও একজন করে নারী প্রার্থী মনোনীত হয়েছেন।
রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে বিভিন্ন দলের মধ্যে আসন বণ্টনের মাধ্যমে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।