ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৫:৩০
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের দুটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।
গতকাল মঙ্গলবার এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৮ মার্চ বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত সামাজিক যোগাযোগের দুটি অ্যাকাউন্ট কে বা কারা হ্যাক করে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের অপকর্ম সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে চিঠি দেওয়া হয়েছে।
প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, বিচারপতি হয়তো অসাবধানতাবশত প্রতারণামূলক কোনো সংযোগে প্রবেশ করেছেন কিংবা অননুমোদিত কোনো সফটওয়্যার ব্যবহার করেছেন, যার ফলে এ ঘটনা ঘটতে পারে। বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও সামাজিক যোগাযোগের অ্যাকাউন্ট দুটি এখনও পুরোপুরি পুনরুদ্ধার করা যায়নি।
জানা গেছে, গত ১৭ মার্চ বিচারপতির মোবাইল ফোনে ত্রুটি দেখা দিলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি তিনি বুঝতে পারেননি। এরই মধ্যে তার অ্যাকাউন্ট দুটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। পরে ২২ মার্চ বিষয়টি প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে অবহিত করলে তিনি মোবাইল থেকে দূরবর্তী নিয়ন্ত্রণকারী সফটওয়্যার অপসারণ করেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।