বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

১০ বছর আগের ভাইরাল সেই কুকুর উদ্ধারের স্থানে তৈরি হলো ভাস্কর্য

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৬:৪৯

ছবি: সংগৃহীত

প্রায় এক দশক আগে ঘটানো মানবিকতার এক হৃদয়ছোঁয়া কাহিনী এখন রূপ পেয়েছে ধাতব ভাস্কর্যে। কাজাখস্তানের রাজধানী আলমাটির বিগ আলমাটি নদীর খাতের ওপর- যেখান থেকে পানি সায়রান জলাধারে পড়ে- নির্মাণ করা হয়েছে নতুন এই শিল্পস্থাপনাটি।

ভাস্কর্যটিতে মূলত ২০১৬ সালের এক আলোচিত কুকুর উদ্ধারের মুহূর্তকে তুলে ধরা হয়েছে। সে সময় একটি কুকুর জলাধারে পড়ে যায়।

এক তরুণ সেটিকে উদ্ধার করতে নিচে নামলেও খাড়া পাড় বেয়ে উপরে উঠতে পারছিল না। তখন আশপাশের মানুষজন হাত ধরে মানবশৃঙ্খল তৈরি করে এবং শেষ পর্যন্ত কুকুর ও তরুণ—দুজনকেই নিরাপদে তুলতে সক্ষম হয়।

ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ডেইলি মেইলের ফেসবুক পেজে এটি প্রায় ১ কোটি ৫০ লাখ বার দেখা হয়, আর অন্যান্য প্ল্যাটফর্ম মিলিয়ে আরও ৬৫ লাখের বেশি দর্শক দেখেছেন। বিশ্বজুড়ে বিভিন্ন সংবাদমাধ্যমও এই উদ্ধার অভিযানের খবর প্রকাশ করে।

প্রায় ৯ বছর পর সেই কুকুর উদ্ধারের কাহিনী উপজীব্য করে ১৮ মার্চ একটি শিল্পকর্ম স্থাপন করা হয়। এতে একে অপরের হাত ধরে থাকা মানুষের মূর্তি দেখানো হয়েছে, যা ঐক্য ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসেবে তৈরি হয়েছে।

আলমাটি সিটি প্রশাসন জানিয়েছে, এই ভাস্কর্যটি ব্যক্তিগত অর্থায়নে নির্মিত হয়েছে, শহরের কোনো বাজেট খরচ হয়নি। প্রকল্পটি জনপরিসর উন্নয়ন বিভাগের অনুমোদন পেয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, “এই স্থাপনাটির মূল ধারণা হলো পারস্পরিক সহায়তা, সংহতি এবং ঐক্য। মানুষের একে অপরের সঙ্গে যুক্ত হয়ে থাকা চিত্রটি কঠিন পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার প্রতীক। এটি এমন একটি দৃশ্যের ওপর ভিত্তি করে তৈরি, যা মানুষের মনে গভীর দাগ কেটেছে এবং সবার হৃদয়ের কাছাকাছি থাকা মূল্যবোধকে তুলে ধরেছে।”

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top