বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

চলছে দফার যুদ্ধ, তবে কি শেষ হচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৫:৪৪

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও উত্তেজনা কি এবার শেষের পথে? নাকি আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে পরিস্থিতি? আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছেন। পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানে পৌঁছেছে বলেও জানা গেছে।

অন্যদিকে ইরানও দিয়েছে ৫ দফা পাল্টা শর্ত। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে পুরো প্রস্তাব বা চুক্তির বিষয়টি প্রকাশ করেনি।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর কঠোর নিয়ন্ত্রণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার শর্ত।

বিশ্লেষকদের মতে, এসব শর্ত বাস্তবায়িত হলে ইরানের পারমাণবিক সক্ষমতা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে।
অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে আর যুদ্ধ না করার নিশ্চয়তা, মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ, ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ন্ত্রণসহ একাধিক দাবি।

তাদের মতে, এই শর্তগুলো পূরণ না হলে কোনো সমঝোতা সম্ভব নয়। ইতোমধ্যেই ইঙ্গিত মিলেছে, প্রাথমিক সম্মতি এলে এক মাসের যুদ্ধবিরতি কার্যকর হতে পারে, যার মধ্যে দুই পক্ষ বিস্তারিত আলোচনা চালাবে।

তবে এখনো হোয়াইট হাউস কিংবা ইরান- কোনো পক্ষই এই ১৫ দফা বা ৫ দফা প্রস্তাবের পূর্ণাঙ্গ সত্যতা নিশ্চিত করেনি। বিশ্লেষকদের প্রশ্ন- এটা কি সত্যিই শান্তির দিকে অগ্রসর হওয়া একটি কূটনৈতিক উদ্যোগ, নাকি আরও বড় সংঘাতের পূর্বাভাস?

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top