মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

শাকিল-রুপা দম্পতির জামিন শুনানি ১১ মে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৩:৪০

সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ মোট সাতটি মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদন শুনানির আদেশ পিছিয়ে আগামী ১১ মে নির্ধারণ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সাত মামলায় মোট ১৩টি জামিন আবেদনের ওপর আদেশ দেওয়ার কথা ছিল। তবে শুনানির শুরুতেই রাষ্ট্রপক্ষ তদন্ত শেষ করতে আরও এক মাস সময় চেয়ে আবেদন জানালে কার্যক্রম স্থগিত হয়ে যায়।

এ সময় হাইকোর্ট রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান, তদন্তের জন্য আর কতদিন সময় প্রয়োজন হবে। পরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপক্ষ জানায়, তদন্ত কর্মকর্তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং তদন্ত সম্পন্ন করতে আরও সময় দরকার।

এ প্রেক্ষিতে আদালত পরবর্তী আদেশের জন্য আগামী ১১ মে তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ আগস্ট বিমানবন্দর এলাকা থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে একে একে সাতটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top