মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চাপ তৈরি হচ্ছে: প্রেস সচিব

Nasir Uddin | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৪

ছবি: সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনের পর শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের ওপর চাপ বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য তাকে (শেখ হাসিনা) বাংলাদেশে এনে বিচার করা। জাতিসংঘের প্রতিবেদনের পর তাকে ফেরত পাঠাতে চাপ তৈরি হচ্ছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় শফিকুল আলম আরো বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যা করা দরকার, অন্তর্বর্তী সরকার সবকিছু করছে।

শফিকুল আলম বলেন, ‘কিছু দিন আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় যে প্রতিবেদন প্রকাশ করেছে—তাতে স্পষ্ট কী ধরনের অপরাধ উনি করেছেন। তাকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। জাতিসংঘ এবং কিছু কিছু মানবাধিকার সংস্থার প্রতিবেদনের পর প্রচুর চাপ তৈরি হচ্ছে।’

তিনি বলেন, ‘এই চাপের ফলাফল… ইন্ডিয়া টু ডে একটা সমীক্ষা করেছে, সেখানে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারী ৫৫ শতাংশ চায় তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে, আবার কিছু সংখ্যক চাচ্ছে তাকে অন্য দেশে পাঠাতে। ১৬-১৭ শতাংশ চাচ্ছে সে ইন্ডিয়াতে থাকুক। তার যে ইমেজ, গত ১৫-১৬ বছর যে কতটা ব্রুটাল একটি একনায়কতন্ত্র চালিয়েছেন—এটা কিন্তু স্পষ্টভাবে এসেছে ১২৭ পাতার জাতিসংঘের রিপোর্টে।’

প্রেস সচিব বলেন, ‘আমার মনে হয়, ইউএন রিপোর্টের পর প্রেসার আরও হবে। আমরা তো আমাদের মতো প্রত্যর্পণ চেয়ে ভারতকে জানিয়েছি। আমাদের চাপ অব্যাহত থাকবে। আমরা চাইবো তাকে সশরীরে হাজির করে তার ট্রায়ালটা হতে। বাংলাদেশের মানুষ তার ট্রায়াল দেখতে চায়। তাকে আইনের আওতায় আনা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তার জন্য যত কাজ করা প্রয়োজন, তার সবগুলো আমরা করছি।’

তিন জন উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের বিষয়ে প্রেস সচিব বলেন, ‘গুঞ্জনের বিষয়ে মন্তব্য করা ঠিক না। যদি সত্যিকারে কিছু হয় আপনারা জানবেন।’

আইসিটি খাতের শ্বেতপত্র প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, দেবপ্রিয় ভট্টাচার্যের এক প্রতিবেদনে উঠে এসেছে দেশ থেকে প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। মোট পাচারের পরিমাণ ২৩৪ বিলিয়ন ডলার। আইসিটি এবং ডিজিটালাইজেশন নিয়ে কী ধরনের দুর্নীতি হয়েছে, তা তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে। যারা দু-মাসের মধ্যে শ্বেতপত্র দেবে।

স্বাধীন সাংবাদিকতা নিয়ে কমিটি টু প্রটেস্ট জার্নালিস্ট (সিপিজে)-এর প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে প্রেস সচিব বলেন, ৫৩ বছরে সর্বোচ্চ স্বাধীনভাবে কাজ করছে সাংবাদিকরা।

সিপিজে-কে বাংলাদেশে এসে বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতা পর্যবেক্ষণ করার আহ্বান জানান প্রেস সচিব।

আওয়ামী লীগের খুনি-দুর্নীতিবাজদের বিচারের পর তাদের ভবিষ্যৎ নিয়ে, নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করে শফিকুল আলম।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top