রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৮:২৮

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে রোববার (৫ এপ্রিল) সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে নতুন আইন পাস হয়েছে। এবার থেকে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরে সংসদে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

বিলের মূল বিধান অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সব ক্যাডার এবং বিসিএসবহির্ভূত সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হবে। পূর্বে স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার পদে যদি বয়সসীমা ৩০ বা অনূর্ধ্ব ৩২ ছিল, সেগুলোর জন্যও নতুন করে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

যেসব পদে আগেই বয়সসীমা ৩২ বছরের বেশি নির্ধারিত ছিল, যেমন ৩৫, ৪০ বা ৪৫ বছর, সেগুলোর ক্ষেত্রে পুরনো নিয়মই বহাল থাকবে। প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগেও তাদের নিজস্ব নিয়ম অপরিবর্তিত থাকবে।

প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, শিক্ষিত বেকার যুবকদের দেশ গঠনে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব তৈরি করতে এই বয়সসীমা বাড়ানো হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে জারিকৃত দুটি অধ্যাদেশের স্থায়ী রূপ দিতে এই নতুন বিল আনা হয়েছে।

বিলটি আগে তৈরি করা অধ্যাদেশের কারিগরি অস্পষ্টতাও দূর করেছে এবং ৩২ বছরের অধিক বয়সসীমা নির্ধারণ করা পদগুলোর বিদ্যমান নিয়মকে বহাল রেখেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top