রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

অতীত সরকারের ভুলে হামের টিকার এই সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৬:৫৭

ছবি: সংগৃহীত

অতীত সরকারের ভুল সিদ্ধান্ত, নীতিগত দুর্বলতা এবং সময়োপযোগী উদ্যোগের অভাবের কারণেই দেশে হামের টিকার সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, তৃণমূল নেটওয়ার্কের প্রধান ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার।

রোববার (৫ এপ্রিল) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, একসময় প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি এবং পরিবার পরিকল্পনায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছিল। কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ভুল নীতির কারণে সেই অর্জন আজ হুমকির মুখে পড়েছে।

তিনি বলেন, একটি শিশুও যদি হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, তবে তার দায় এড়ানোর সুযোগ কারো নেই। এটি কোনো একক প্রতিষ্ঠানের ব্যর্থতা নয়, বরং পুরো জাতির সম্মিলিত ব্যর্থতা। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার, সংশ্লিষ্ট খাত এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও জানান, হামের বর্তমান প্রাদুর্ভাব হঠাৎ সৃষ্টি হয়নি। টিকা সংগ্রহে ধীরগতি, সময়মতো টিকাদান কার্যক্রম পরিচালনায় ব্যর্থতা এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের ঘাটতির কারণেই এই সংকট তৈরি হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে কার্যক্রম জোরদার না হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে।

ড. জিয়াউদ্দিন বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে পরিস্থিতি মোকাবিলায় কাজ শুরু করেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে টিকা সংগ্রহ, সরবরাহ ও বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে তথ্য প্রচার কার্যক্রম জোরদার করা হচ্ছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। তার নির্দেশনায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে দ্রুত টিকা সংগ্রহ, ঝুঁকিপূর্ণ এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসপাতালগুলোর প্রস্তুতি জোরদার, পৃথক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা এবং চিকিৎসা ব্যবস্থাপনা শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে সন্দেহভাজন রোগীদের দ্রুত শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, অতীতেও বাংলাদেশ নানা জনস্বাস্থ্য সংকট সফলভাবে মোকাবিলা করেছে। দৃঢ় নেতৃত্ব, দ্রুত সিদ্ধান্ত এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বর্তমান পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনা সম্ভব। এজন্য প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল আচরণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, ঝালকাঠি সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন এবং নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেগুফতা মেহনাজসহ অন্যান্যরা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top