রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৩:৫৮
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আইনমন্ত্রী জানান, রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই ও প্রত্যাহারের সুপারিশের জন্য ইতোমধ্যে দুটি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ৫ মার্চ জেলা প্রশাসকের নেতৃত্বে ৪ সদস্যবিশিষ্ট জেলা পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়।
পরে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, যা জেলা পর্যায়ের সুপারিশ চূড়ান্তভাবে পর্যালোচনা করছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি। তবে বর্তমান প্রক্রিয়ায় রাজনৈতিক, মিথ্যা ও হয়রানিমূলক মামলা—এমনকি হত্যা মামলাও—যথাযথভাবে আবেদন করা হলে তা পর্যালোচনা করা হবে।
আইনমন্ত্রী আরও বলেন, কোনো মামলা যদি রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে দায়ের করা হয়েছে বলে প্রমাণিত হয়, তাহলে তা প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, জেলা পর্যায় থেকে আসা সুপারিশগুলো কেন্দ্রীয় কমিটি নিয়মিতভাবে পর্যালোচনা করছে এবং মামলা প্রত্যাহারের কার্যক্রম চলমান রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।