১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৮:২৩
সারা দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী হবেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনতে এই বড় উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ ও সবল জাতি গড়ে তোলা।
প্রধানমন্ত্রী আরও জানান, সরকারি ব্যবস্থাপনার আওতায় বেসরকারি প্রতিষ্ঠানেও চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাপী চিকিৎসাসেবা ব্যয়বহুল হয়ে উঠেছে। তাই শুধু চিকিৎসা প্রদান নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকেও গুরুত্ব দিচ্ছে সরকার। এতে হাসপাতালে রোগীর চাপ কমানো সম্ভব হবে।
তিনি বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা তৃণমূল পর্যায়ে কাজ করবেন। বিশেষ করে পরিবারের নারী সদস্যদের খাদ্যের গুণাগুণ ও সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করবেন। খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে রোগ প্রতিরোধ করা গেলে স্বাস্থ্যখাতে চাপ অনেকটাই কমবে।
এর আগে শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে সড়কপথে যশোর মেডিকেল কলেজে পৌঁছান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঞ্চালনায় আরও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।