পাস নম্বর ৩৩ কেন? সংসদে ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ২০:৪৯
জাতীয় সংসদে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি লিফলেট পাওয়া গেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি মন্তব্য করেছেন, গণভোট প্রশ্নে জামায়াতে ইসলামীর অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিরোধী দল তাদের লিফলেটে সংস্কারের পক্ষে কিছু বিষয় তুলে ধরেছে, তবে সেখানে জুলাই সনদের কোনো উল্লেখ নেই। তার ভাষায়, গণভোটের প্রসঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে জুলাই সনদ থেকে সরে আসা হয়েছে, যা সংবিধান ও আইনের সঙ্গে প্রতারণার শামিল। অথচ ৩৩টি রাজনৈতিক দলের স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের নামও লিফলেটে উল্লেখ করা হয়নি।
তিনি আরও বলেন, লিফলেটটি পড়ে তার মনে হয়েছে, যেন ৩৩ নম্বরের পাস ব্যবস্থার মতো একটি ধারণা তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে তিনি ইতিহাস উল্লেখ করে বলেন, ১৮৫৪ সালে উপমহাদেশে ম্যাট্রিক পরীক্ষার সূচনাকালে ব্রিটেনে পাস নম্বর ছিল ৬৫। কিন্তু উপমহাদেশের মানুষের সক্ষমতা নিয়ে ভিন্ন ধারণা থেকে এখানে পাস নম্বর নির্ধারণ করা হয় সাড়ে ৩২। পরে তা বাড়িয়ে ৩৩ করা হয়।
আইনমন্ত্রী প্রশ্ন তোলেন, বিরোধীদের বক্তব্য কি এমন ইঙ্গিত দিচ্ছে যে অন্যদের এখনও অর্ধশিক্ষিত হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই সনদের কোনো উল্লেখই নেই।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।