‘সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন ঘটানো হবে’
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ২১:২৩
সরকারকে পতন করার হুমকি দিলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘আপনারা (বিরোধী দল) যদি আমাদেরকে পতন করার হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকেই পতন ঘটানো হবে ইনশাল্লাহ।’
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনের সভাপতিত্ব করেন উপ-স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সরকারের বৈধতা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকার কোনো নির্দিষ্ট নির্বাচনের মাধ্যমে নয়, জনগণের সরাসরি ভোট ও ম্যান্ডেটের ভিত্তিতে সংসদে এসেছে। তিনি আরও বলেন, কেউ যদি হুমকি-ধমকি দিয়ে সরকার পতনের স্বপ্ন দেখে, তাহলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।
তিনি অতীতের রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, পূর্বে যেভাবে রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হয়েছে, প্রয়োজনে ভবিষ্যতেও একইভাবে রাজনৈতিক অবস্থান নেওয়া হবে।
বিরোধী দলের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, সংসদে তাদের বক্তব্য ইতিবাচক হলেও সংসদের বাইরে এমন কিছু বক্তব্য দেওয়া হচ্ছে, যা শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা তৈরি করছে। এর ফলে বিভিন্ন ক্যাম্পাসে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটছে, যা দুঃখজনক।
তিনি আরও বলেন, সম্প্রতি জ্বালানি সংকট নিয়ে একটি কার্যকর কমিটি গঠন করা হলেও পরবর্তীতে বিরোধী পক্ষের কিছু বক্তব্য জনগণকে উসকে দিচ্ছে এবং সরকার পতনের হুমকিও দেওয়া হচ্ছে।
ইশরাক হোসেন বলেন, দেশের মধ্যে বিভাজনের রাজনীতি নয়, বরং শান্তি ও স্থিতিশীলতার রাজনীতি প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তার সুযোগ নিতে পারে পলাতক ফ্যাসিবাদী শক্তির সহযোগীরা, যা দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।