২৩ হাজার ৮৬৫ হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৩:৫৭
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, রাজনৈতিক কারণে দায়ের হওয়া হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। বাকি মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রমও চলমান রয়েছে বলে তিনি জানান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মুহাম্মাদ আলী আছগারের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় এজাহারে দলীয় পরিচয় উল্লেখ না থাকায় সারাদেশে কতগুলো মামলা রাজনৈতিক উদ্দেশ্যে হয়েছে, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই।
তিনি আরও জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী ২০০৭ থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে সরকারিভাবে এ বিষয়ে নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই বলেও উল্লেখ করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা মামলার নথি ও মতামত যাচাই করে সুপারিশ দিচ্ছেন।
এছাড়া কেন্দ্রীয় পর্যায়ে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটিও গঠন করা হয়েছে, যারা জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা করে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছে।
সরকার জানিয়েছে, যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলোও পর্যায়ক্রমে নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।