ফিলিং স্টেশন থেকে জোরপূর্বক পেট্রোল নেওয়ায় যুবদলের দুই নেতা বহিষ্কার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১২:৩৪
যশোরের শানতলা এলাকায় একটি ফিলিং স্টেশন থেকে জোরপূর্বক পেট্রোল নেওয়া ও তা বেশি দামে বিক্রির অভিযোগে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাতে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন— চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবির ওয়াসিম এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জাকির হোসেন জিকো দফাদার। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণসহ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তাদের বহিষ্কার করা হয়েছে এবং ভবিষ্যতে তাদের কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না। পাশাপাশি নেতা-কর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি শানতলা এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশনে গিয়ে অভিযুক্তরা ক্ষমতার প্রভাব খাটিয়ে জোর করে তেল নিয়ে যান। পরে সেই তেল বেশি দামে বিক্রির অভিযোগ ওঠে।
ঘটনাটি প্রকাশ্যে এলে রোববার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ঘটনাস্থল পরিদর্শন করেন। সিসিটিভি ফুটেজে ঘটনার সত্যতা পাওয়ার পর তিনি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় তাদের বহিষ্কার করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন দাবি করেন, অভিযুক্তরা বিশৃঙ্খলা মেটাতে ঘটনাস্থলে গিয়েছিলেন। তার ভাষায়, “ঘটনার তদন্তে তারা সরাসরি জোর করে তেল নেওয়ার সঙ্গে জড়িত এমন প্রমাণ মেলেনি। তবে পরিস্থিতিতে তাদের উপস্থিতি দলীয় শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় বহিষ্কার করা হয়েছে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।