মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

দাবদাহ শেষে স্বস্তির বার্তা, টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ২১:১৩

ছবি: সংগৃহীত

টানা দাবদাহের পর সারা দেশে তিন দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে দেশের আট বিভাগেই কম-বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।

তিনি আরও জানান, ১০ এপ্রিলের পর ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যেতে পারে এবং তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে তা মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি হলে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রির বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

গত দুই দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা দ্রুত কমে এসেছে। ফলে বর্তমানে দেশের কোথাও তাপপ্রবাহ নেই।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top