সংসদে একদিনে ৭ বিল পাস, ৩টিতে নোট অব ডিসেন্ট
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ২১:৩৭
জাতীয় সংসদে সোমবার (৬ এপ্রিল) কণ্ঠভোটের মাধ্যমে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশসহ মোট সাতটি বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।
পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে- নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল, ভোটার তালিকা সংশোধন বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী বিশেষ বিধান রহিতকরণ বিল এবং বাংলাদেশ ল অফিসার সংশোধন বিল।
এদিকে, আরও তিনটি বিল সংসদে উত্থাপন করা হয়েছে। এগুলো হলো- জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিষয়ক বিল।
উত্থাপিত এই তিনটি বিলে বিরোধীদলের পক্ষ থেকে ভিন্নমত প্রদান করা হয়েছে। ফলে এসব বিলের ওপর পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।
এছাড়া ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল-২০২৬ অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।
সরকারদলীয় প্রধান হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, বিরোধীদল তিনটি বিলে ভিন্নমত দিয়েছে। এসব বিল উত্থাপন করা হয়েছে যাতে বিরোধীদলের সদস্যরা বিষয়গুলো নিয়ে আরও বিশদ বিশ্লেষণের সুযোগ পান। আগামী অধিবেশনে এ নিয়ে আলোচনা হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।