সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ:রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ২০:১৬
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাস্থ্যসেবা প্রাপ্তি মানুষের অন্যতম মৌলিক অধিকার। বর্তমান সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির আলোকে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এবং প্রত্যেক নাগরিকের সম্মান ও মর্যাদার সঙ্গে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
রাষ্ট্রপতি বলেন, এ নীতির আওতায় রোগীর মৌলিক পরিচয় নিশ্চিত করতে ইতোমধ্যে সকল নাগরিককে ইলেক্ট্রনিক হেলথ (ই-হেলথ) কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আগামীকাল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে আজ দেয়া বাণীতে তিনি বলেন, “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হচ্ছে। বিজ্ঞানী, বিশেষজ্ঞ ও স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্ট সকল অংশীজনের সহায়তায় একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ সময়োচিত ও তাৎপর্যপূর্ণ।”
রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বিনামূল্যে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম জোরদার এবং দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত গড়ে তোলার জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এসব কর্মসূচির সফল বাস্তবায়ন, নিবিড় মনোযোগ ও যথাযথ বিনিয়োগের মাধ্যমে অচিরেই সামগ্রিক স্বাস্থ্যসেবা ও সূচকে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হবে।
রাষ্ট্রপতি বলেন, “মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য পরস্পরের পরিপূরক। আধুনিক সভ্যতার নেতিবাচক প্রভাবে উদ্ভিদ, প্রাণী ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ক্রমবর্ধমান। তাই বিজ্ঞানের উৎকর্ষকে কাজে লাগিয়ে একটি সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি সরকারি ও বেসরকারি চিকিৎসক, গবেষক, পরিবেশবিদ, প্রাণিসম্পদ বিশেষজ্ঞসহ সকল অংশীজনকে একটি সর্বজনীন সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
রাষ্ট্রপতি ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।