সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

বিএনপি ক্ষমতায় এসে ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির মনির

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ২০:১৯

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির বলেছেন, ক্ষমতায় এসে বিএনপি তাদের অবস্থান সম্পূর্ণ বদলে ফেলেছে। তিনি অভিযোগ করেন, জুলাই সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এখন সেই পথ থেকে সরে গেছে দলটি।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে রাকসু আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, রাষ্ট্রপতিকে ঘিরে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং গণভোটে বিপুলসংখ্যক মানুষ পক্ষে মত দিয়েছে। যারা জুলাই সংস্কার থেকে সরে গেছে, তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকেও অনেক দূরে চলে গেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে সংশ্লিষ্টরা সংবিধান সম্পর্কে যথাযথ ধারণা রাখেন না। ৫ আগস্টের পর দেশের মানুষ আর কোনো ধরনের ভীতি বা চাপকে ভয় পায় না এবং দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্রব্যবস্থা চায়।

গুমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যদি সত্যিই গুম বন্ধ করতে চাওয়া হয়, তাহলে এ বিষয়ে অধ্যাদেশকে আইনে পরিণত করতে হবে। অন্যথায় মানুষের রক্তের মূল্য দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, বিদেশ থেকে এসে সংসদে নীরব থাকা এবং জনগণের প্রশ্নের জবাব না দেওয়ার মতো আচরণ গ্রহণযোগ্য নয়।

জুলাই আন্দোলন প্রসঙ্গে শিশির মনির বলেন, বিএনপি এই আন্দোলনকে গুরুত্ব দিতে চায় না। কারণ, আন্দোলনে যারা জীবন দিয়েছে বা আহত হয়েছে, তাদের মধ্যে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি খুঁজে পাওয়া যাবে না বলেও দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, অতীতের মতো এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করলে রাতের বেলায় নিরাপত্তা সংস্থার চাপের মুখে পড়তে হচ্ছে। এটিকে তিনি ফ্যাসিবাদী আচরণ হিসেবে উল্লেখ করেন।

শেষে তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও জেগে উঠলে গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আর কোনো পথ থাকবে না।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top