সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

মঙ্গলবার ইরানের সবকিছু গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্পের হুমকি

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ২১:৪৫

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেন, মঙ্গলবার ইরানের জন্য বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোর ওপর আঘাত হানার দিন হিসেবে বিবেচিত হবে এবং সবকিছু ধ্বংস করে দেওয়া হবে।

অন্যদিকে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের লক্ষ্যে চালানো যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানকে ব্যর্থ বলে দাবি করেছে ইরান। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, দেশটির ইতিহাসে অন্যতম সাহসী এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।

তবে ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইরান সরকার ও দেশটির গণমাধ্যম এ অভিযানকে সম্পূর্ণ ব্যর্থ বলে উল্লেখ করে। ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে জানান, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালালেও ইরানি বাহিনীর প্রতিরোধে তা সফল হয়নি।

তিনি আরও বলেন, আল্লাহর রহমতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ওই অভিযান প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তবে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, এই অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র যে সাফল্যের কথা বলছে, তা আসলে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top