চলতি বছরের রমজান শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০১

সংগৃহীত

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন আন্তর্জাতিক জ্যোতির্বিদরা। গালফ নিউজের প্রতিবেদনে রোববার (১ ফেব্রুয়ারি) জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজান শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রমজানের চাঁদ দেখার চেষ্টা করলেও আরব ও ইসলামী বিশ্বের কোথাও তা জ্যোতির্বিদ্যাগতভাবে সম্ভব হবে না। খালি চোখে বা আধুনিক জ্যোতির্বিদ্যাগত ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেও চাঁদ দেখা যাবে না।

আইএসি জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব চাঁদ-দর্শন মানদণ্ডে (ইবন তারিক, ফাদারিংহ্যাম, মন্ডার, ব্রুইন, মোহাম্মদ ইলিয়াস, দক্ষিণ আফ্রিকা জ্যোতির্বিদ্যা মানমন্দির, ইয়ালোপ ও ওদেহ পদ্ধতি) মঙ্গলবার চাঁদ দেখা সম্ভাবনা নাকচ হয়েছে। ফলে যেসব দেশ চাঁদ দেখা নিশ্চিত হওয়ার ভিত্তিতেই চান্দ্র মাস শুরু করে, তারা বুধবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার রমজান শুরু করবে। কিছু দেশ বিকল্প মানদণ্ড অনুসরণ করায় তারা এক দিন আগে, অর্থাৎ বুধবার ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু ঘোষণা করতে পারে।

জ্যোতির্বিদরা বলছেন, মঙ্গলবার সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান এমন হবে যে অধিকাংশ অঞ্চলে চাঁদ সূর্যের আগেই অস্ত যাবে বা প্রায় একই সময়ে অস্ত যাবে। এর ফলে চাঁদের ক্ষীণ বাঁক (হিলাল) গঠনের জন্য পর্যাপ্ত সময় থাকবে না। উদাহরণস্বরূপ, জাকার্তায় চাঁদ সূর্যাস্তের ৬ মিনিট আগে অস্ত যাবে, সংযুক্ত আরব আমিরাতে ১ মিনিট আগে, রিয়াদে ৪২ সেকেন্ড আগে এবং কায়রোতে ২ মিনিট পর অস্ত যাবে।

তবে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখার পরিস্থিতি অনেক বেশি অনুকূলে থাকবে। আবুধাবিতে সূর্যাস্তের পর চাঁদ থাকবে ৫৮ মিনিট, মক্কায় ৫৯ মিনিট, আম্মান ও জেরুজালেমে ৬৫ মিনিট, কায়রোতে ৬৪ মিনিট এবং রাবাতে ৭৩ মিনিট। এই সময় চাঁদের বয়স ২৪–৩০ ঘণ্টার মধ্যে থাকবে, যা খালি চোখে চাঁদ দেখার জন্য যথেষ্ট।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যেখানে সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যায়, সেখানে চাঁদ দেখার চেষ্টা করার কোনো ধর্মীয় বাধ্যবাধকতা নেই। সৌদি আরবের শীর্ষ আলেম পরিষদের সদস্য শেখ আবদুল্লাহ বিন মানিসহ বহু বিশিষ্ট আলেম বলছেন, নিশ্চিত জ্যোতির্বিদ্যাগত তথ্যকে রমজান সূচনার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া উচিত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top