এবারের রোজা ২৯ নাকি ৩০টি? যা জানা গেল
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৪
চাঁদ দেখা ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের পার্থক্যের কারণে এ বছর বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখে সামান্য ভিন্নতা দেখা যেতে পারে। কোথাও রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি। তবে জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, রমজান মাসের শেষ ও শাওয়াল মাসের শুরুতে বড় কোনো ভিন্নতা থাকার সম্ভাবনা নেই।
আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, রমজানের শুরুতে কিছু দেশে তারিখে পার্থক্য থাকলেও অধিকাংশ দেশেই রমজান শেষ হবে একই দিনে। তার মতে, বেশির ভাগ মুসলিম দেশে রমজান শেষ হতে পারে ১৯ মার্চ এবং ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ২০ মার্চ।
সংযুক্ত আরব আমিরাতের দৈনিক এমারাত আল ইউম-কে দেওয়া এক বক্তব্যে আল জারওয়ান বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী এবার রমজান মাস ২৯ দিনের হওয়ার সম্ভাবনাই বেশি। সব দিক বিবেচনায় রমজান শুরুর সবচেয়ে সম্ভাব্য দিন বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।
তিনি আরও জানান, রমজানের নতুন চাঁদ জন্ম নেবে মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১ মিনিটে (আমিরাত সময়)। তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে। সে সময় চাঁদের বয়স হবে আনুমানিক ২ ঘণ্টা ১২ মিনিট, যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব। ফলে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি এবং সে অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হওয়ার কথা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।