শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

পবিত্র রমজানে জুমার দিনের বিশেষ ফজিলত ও গুরুত্ব

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস মহান আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদির জন্য এক অনন্য নেয়ামত। এ মাসের প্রতিটি দিনই বরকতময়। তবে রমজানের জুমাবার মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। ইসলামে জুমাবারকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন এবং ‘সাপ্তাহিক ঈদ’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রমজানের এই পবিত্র দিনে ইবাদতের সওয়াব অন্যান্য সময়ের তুলনায় বহুগুণ বৃদ্ধি পায়।

পবিত্র আল-কোরআন-এ আল্লাহ তাআলা জুমার দিনের গুরুত্ব তুলে ধরে ইরশাদ করেছেন, “মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর ইবাদতের জন্য দ্রুত এগিয়ে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে পার।” (সূরা আল জুমা : ৯)

রমজান মাসে রোজাদার ব্যক্তি যখন ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে জুমার নামাজে শরিক হন, তখন তার অন্তরে বিশেষ প্রশান্তি নেমে আসে। জুমার দিনের আমলগুলোর মধ্যে সূরা কাহাফ তিলাওয়াত বিশেষভাবে উল্লেখযোগ্য।

হাদিস শরিফে বর্ণিত হয়েছে, হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, “সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এ দিনেই আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, এ দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এ দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। কিয়ামতও শুক্রবারেই সংঘটিত হবে।” (সহিহ মুসলিম)

রমজানের জুমার বিশেষ ফজিলতগুলো হলো:

১. গুনাহ মাফের সুযোগ-
হাদিসে এসেছে, জুমার দিন সৎ আমল এক সপ্তাহের গুনাহ মাফের কারণ হয়। রমজানের জুমায় এ সওয়াব আরও বৃদ্ধি পায়।

২. দোয়া কবুলের বিশেষ সময়-
শুক্রবারে এমন একটি সময় রয়েছে, যখন বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। রমজানে এই সুযোগ অধিকতর গুরুত্ব বহন করে।

৩. ফেরেশতাদের সাক্ষ্য-
হাদিসে উল্লেখ আছে, জুমার দিন সকালে ফেরেশতারা মসজিদের দরজায় অবস্থান করেন এবং আগত মুসল্লিদের নাম লিপিবদ্ধ করেন।

৪. রহমত ও নাজাতের সম্ভাবনা-
রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসের জুমায় খুশু-খুজু সহকারে নামাজ আদায় করলে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভের আশা করা যায়।

রমজানের জুমাবার তাই গুনাহ মাফ, দোয়া কবুল ও জান্নাত লাভের প্রত্যাশায় ইবাদতে মনোনিবেশের এক মহাসুযোগ। মুসলিম উম্মাহর জন্য এ দিনের যথাযথ মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top