গাজীপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন
গাজীপুর প্রতিনিধি | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮
গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে সড়কের সঙ্গে ঘর্ষণ খেতে থাকে। এতে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকেই বাসে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন কর্মকর্তা হিরন মিয়া জানান, আগুন লাগার পরপরই কার্যক্রম শুরু করা হয় এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাস সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।