সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

ভারত ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবিকে সমাধান খুঁজতে বলল আইসিসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮

ভারত ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবিকে সমাধান খুঁজতে বলল আইসিসি। ছবি: সংগৃহীত

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কটের পাকিস্তান সরকারের ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি বলেছে, এ ধরনের সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ও টুর্নামেন্টের স্বার্থের পরিপন্থী।

পাকিস্তান সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টের প্রায় তিন ঘণ্টা পর এক বিবৃতিতে আইসিসি জানায়, এখনো তারা পিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ পায়নি। তবে সংস্থাটি স্পষ্ট করে দিয়েছে—ইচ্ছামতো কোনো ম্যাচে খেলা ও অন্য ম্যাচ এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের মৌলিক ধারণার সঙ্গে সাংঘর্ষিক, যেখানে সব যোগ্য দলকে নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে অংশ নিতে হয়।

আইসিসির বিবৃতিতে বলা হয়, “আইসিসি টুর্নামেন্ট ক্রীড়াগত সততা, প্রতিযোগিতা, ধারাবাহিকতা ও ন্যায্যতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। নির্বাচিত অংশগ্রহণ প্রতিযোগিতার পবিত্রতাকে ক্ষুণ্ন করে।”

সংস্থাটি আরও জানায়, সরকারগুলোর জাতীয় নীতিগত ভূমিকার প্রতি তারা শ্রদ্ধাশীল হলেও এ ধরনের সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেট কিংবা পাকিস্তানের লাখো ভক্তের জন্য কল্যাণকর হবে না। পাশাপাশি পিসিবিকে নিজেদের দেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় নেওয়ার পরামর্শও দিয়েছে আইসিসি। তাদের মতে, এমন পদক্ষেপ বৈশ্বিক ক্রিকেট ইকোসিস্টেমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে—যার অংশীদার ও উপকারভোগী পিসিবিও।

আইসিসির অগ্রাধিকার ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করা, যা পিসিবিসহ সব সদস্য দেশের যৌথ দায়িত্ব বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এ কারণে সংস্থাটি প্রত্যাশা করছে, সব পক্ষের স্বার্থ রক্ষা করে একটি গ্রহণযোগ্য সমাধান বের করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানালে গত ২৪ জানুয়ারি তাদের টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। ওই সিদ্ধান্তের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ভারতের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে বলেন, পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

গ্রুপ ‘এ’-তে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে পাকিস্তান। সহ–আয়োজক শ্রীলঙ্কায় তাদের সব ম্যাচ হওয়ার কথা। সূচি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্ট শুরু করবে পাকিস্তান, এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে। ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ বয়কট করলে পাকিস্তান স্বয়ংক্রিয়ভাবে ওই ম্যাচের দুই পয়েন্ট হারাবে।

আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো ম্যাচ ফরফিট হলে ডিফল্ট করা দলের নেট রান রেটও ক্ষতিগ্রস্ত হবে। নিয়ম ১৬.১০.৭ অনুযায়ী, ফরফিট হওয়া ম্যাচে ডিফল্ট করা দলের পূর্ণ ২০ ওভার হিসাবের মধ্যে ধরা হবে, ফলে তাদের গড় রান রেটে নেতিবাচক প্রভাব পড়বে। তবে প্রতিপক্ষ দলের নেট রান রেটে এর কোনো প্রভাব পড়বে না।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top