ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৭
ক্রিকেটে ভারত–বাংলাদেশের চিরচেনা বৈরিতার আবহ থাকলেও ফুটবলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব–১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে ২–০ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে লাল–সবুজের প্রতিনিধিরা। এই জয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় আসরের বর্তমান যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ এবং শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখেই জয় নিশ্চিত করে। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আলপি আক্তার। তার হাতে পুরস্কার তুলে দেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোলটি করেন অর্পিতা বিশ্বাস। গোলের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ। অর্পিতার গোলের অনুপ্রেরণায় ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। ফলে প্রথমার্ধেই ২–০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। তবে একাধিক সুযোগ তৈরি হলেও আর কোনো গোল হয়নি। অন্যদিকে ভারত ব্যবধান কমানোর চেষ্টা চালালেও সফল হতে পারেনি।
টানা দ্বিতীয় জয়ে বাংলাদেশের সংগ্রহ এখন ৬ পয়েন্ট। প্রথম ম্যাচে ভুটানকে ১২–০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল অর্পিতা বিশ্বাসরা। অন্যদিকে, নেপালকে হারিয়ে শুরু করলেও বাংলাদেশের কাছে হেরে ভারতের পয়েন্ট দাঁড়িয়েছে ৩।
আজ বিকেলে ভুটান ও স্বাগতিক নেপালের ম্যাচ ড্র হলে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। আগামী ৪ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ, একইদিন ভারত খেলবে ভুটানের বিপক্ষে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।