সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮

ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ইউরোপে ফেরার গুঞ্জনের মধ্যে সৌদি প্রো লিগে নতুন ঠিকানা পেলেন তরুণ ফুটবলার রায়ানে মেসি। সৌদি আরবের ক্লাব এসসি নিওম তাকে দলে ভিড়িয়েছে।

ফ্রান্সের ক্লাব স্ট্রাসবুর্গ থেকে ধারে নিওমে যোগ দিয়েছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। চলতি মৌসুমের শেষ পর্যন্ত সৌদি ক্লাবটির জার্সিতে খেলবেন তিনি।

সাম্প্রতিক সময়ে সৌদি প্রো লিগে বিশ্ব তারকাদের ভিড় বাড়লেও একই সঙ্গে তরুণ প্রতিভা দলে ভেড়ানোর কৌশলও অব্যাহত রেখেছে ক্লাবগুলো। বিশেষ করে ফ্রান্সের বাজারে তাদের আগ্রহ লক্ষ্যণীয়।

গত গ্রীষ্মে নাথান জেজে, সাইমন বুয়াব্রে ও ভ্যালেন্টিন আতাঙ্গানার মতো তরুণরা সৌদিতে পাড়ি জমান। জানুয়ারির দলবদলেও সেই ধারা অব্যাহত থাকে। মোহামেদ কাদের মেইতে ও জর্জ ইলেনিখেনাও সৌদি ক্লাবে যোগ দেন।

এবার সেই তালিকায় যুক্ত হলেন ফ্রান্স যুব দলের খেলোয়াড় রায়ানে মেসি। তার চুক্তি ধারের ভিত্তিতে সম্পন্ন হয়েছে। মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হবে। তবে স্থায়ীভাবে দলে ভেড়ানোর কোনো শর্ত রয়েছে কি না, সে বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ কিছু জানায়নি।

উল্লেখ্য, চলতি মৌসুমের শুরুতে মেসি ফ্রান্সের লিগ টু ক্লাব পউ এফসি-তে ধারে খেলেছেন। সেখানে ১৪ ম্যাচে দুটি গোল করেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top