নতুন ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৪
সৌদি প্রো লিগে আরেকটি ঐতিহাসিক রাতের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। শনিবার (২১ ফেব্রুয়ারি) আল-হাজমকে ৪–০ গোলে হারায় আল নাসর। ম্যাচটিতে জোড়া গোল করে ক্যারিয়ারের নতুন উচ্চতায় পৌঁছালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
এই ম্যাচেই বিশ্বের প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে ৩০ বছর বয়স পেরোনোর পর ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। নিজের প্রথম গোলেই স্পর্শ করেন ৫০০-এর ঘর, আর দ্বিতীয় গোলের মাধ্যমে সংখ্যাটি নিয়ে যান ৫০১-এ। দুই দশকেরও বেশি সময়ের পেশাদার ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা এখন দাঁড়িয়েছে ৯৬৫-এ।
মাইলফলক স্পর্শের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোনালদো বলেন, তিনি সৌদি আরবে খুবই সুখে আছেন এবং এখানেই থাকতে চান। তার ভাষায়, এই দেশ তাকে ও তার পরিবারকে দারুণভাবে গ্রহণ করেছে।
তিনি আরও জানান, দলের মূল লক্ষ্য লিগ শিরোপা জয়। বর্তমানে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে এবং প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ ধরে রাখতে চায়। মৌসুম শেষে ফল কী হবে, সেটিই এখন দেখার বিষয়।
২০২২ সালের ডিসেম্বরে পারস্পরিক সমঝোতায় ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন রোনালদো। এরপর তিনি যোগ দেন আল নাসরে। বছরে ১৭৭ মিলিয়ন পাউন্ড বেতনে তিনি ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়ে পরিণত হন।
রোনালদোর আগমনের পর ১০ বারের লিগজয়ী আল নাসর এখন পর্যন্ত ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ শিরোপা জিতেছে। তবে এবার তার ধারাবাহিক পারফরম্যান্সে লিগ শিরোপা দৌড়ে নতুন করে উজ্জীবিত দলটি।
টানা দশম জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে আল নাসর। চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল-এর চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে রয়েছে তারা। পাশাপাশি এএফসি এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছে রিয়াদের ক্লাবটি।
মাইলফলকের আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর কাছ থেকেও প্রশংসা পান রোনালদো। নিজের টিকটক হ্যান্ডলে পোস্ট করা এক ভিডিওতে ট্রাম্প তাকে ‘সর্বকালের সেরা’ আখ্যা দিয়ে বলেন, “রোনালদো, তুমি সর্বকালের সেরা। আমেরিকা তোমাকে চায়। এভাবেই চালিয়ে যাও।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।