১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৩২
খুব শিগগির পুলিশের আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া গেলে দ্রুত সময়ের মধ্যেই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
তিনি আরও জানান, এর বাইরে সাব-ইন্সপেক্টর (এসআই) এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগ দেওয়া হবে। এসব বিষয়ে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই যথাযথ পরীক্ষার মাধ্যমে এসব পদে নিয়োগ সম্পন্ন করা হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।