ব্রাজিল প্রেসিডেন্টের কড়া বার্তা: নেইমারদের দলে সুযোগ পেতে মানতে হবে শর্ত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১৩

সংগৃহীত

দীর্ঘ শিরোপা খরা কাটাতে নতুন করে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। ২০০২ সালের পর কেটে গেছে পাঁচটি বিশ্বকাপ, কিন্তু আর ধরা দেয়নি সোনালি ট্রফি। বিশেষ করে ২০১৪ সালে ঘরের মাঠে জার্মানির বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের স্মৃতি এখনও তাড়া করে ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে তাই দল গোছানো ও কঠোর নীতিতে ফেরার বার্তা স্পষ্ট।

গত বছরের মে মাসে দায়িত্ব নেওয়া ইতালিয়ান কোচ Carlo Ancelotti-র পরিকল্পনা ও দর্শন নিয়ে কথা বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট Luiz Inácio Lula da Silva। ব্রাজিলের টেলিভিশন চ্যানেল আরটিকে দেওয়া সাক্ষাৎকারে লুলা জানান, বিশ্বকাপে জায়গা পেতে হলে শতভাগ ফিট থাকতে হবে—নামের জোরে কেউ দলে ঢুকতে পারবে না।

লুলার ভাষায়, আনচেলত্তি অত্যন্ত যুক্তিবাদী এবং শৃঙ্খলাপরায়ণ। যারা নিয়মিত খেলছে, অনুশীলনে রয়েছে এবং শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত, তারাই সুযোগ পাবে। কোচ কঠোর হলে খেলোয়াড়রাও দায়িত্বশীল হয়—এমনটাই বিশ্বাস প্রেসিডেন্টের।

এই মন্তব্যে ইঙ্গিত স্পষ্ট—চোটে জর্জরিত তারকা ফরোয়ার্ড Neymar-কে ঘিরেই মূলত আলোচনা। সান্তোসে ফেরা নেইমার একের পর এক ইনজুরিতে ভুগছেন। এর আগেও আনচেলত্তি জানিয়েছিলেন, পুরোপুরি ফিট না হলে কোনো খেলোয়াড়—তারকা হোক বা না হোক—বিশ্বকাপ দলে জায়গা পাবেন না। এবার সেই অবস্থানেই সমর্থন জানালেন দেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতা।

বিশ্বকাপ নিয়ে নিজের আশাবাদও ব্যক্ত করেছেন লুলা। তিনি বলেন, শেষ শিরোপার পর কেটে গেছে ২৪ বছর। এবারও যদি ব্যর্থতা আসে, তবে সেটি হবে ব্রাজিলের ইতিহাসে দীর্ঘতম শিরোপাহীন সময়। তাই তিনি বিশ্বাস করেন, এবার দল ট্রফি ঘরে তুলতে পারবে।

২০২৬ বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। ‘হেক্সা’ বা ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নামার অপেক্ষায় এখন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

 

এনএফ৭১/এসআর



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top