মিরপুরে নীরব গ্যালারিতে মধ্যাঞ্চলের একপেশে জয়
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১০:১৭
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম–এ নীরব আবহে শেষ হলো বিসিএলের ফাইনাল। গ্যালারিতে দর্শক ছিল হাতে গোনা। তবু মাঠের লড়াইয়ে কোনো ঘাটতি রাখেননি ক্রিকেটাররা। উত্তরাঞ্চলের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য ১২ ওভার হাতে রেখেই ৫ উইকেটের জয়ে টপকে গেছে মধ্যাঞ্চল।
ফিফটি ছুঁয়ে গ্যালারির দিকে ব্যাট ঘুরিয়ে উদ্যাপন করেন নাঈম শেখ। পাশে দাঁড়িয়ে হাসছিলেন তাঁর ব্যাটিং সঙ্গী সাইফ হাসান। প্রায় ফাঁকা গ্যালারি নিয়েই ছিল তাঁদের খুনসুটি। নাঈম আঙুল তুলে দেখান, গ্যালারির এক কোণে কিছু দর্শক ঠিকই আছেন!
টস হেরে আগে ব্যাট করতে নেমে উত্তরাঞ্চল ৪৯.৩ ওভারে ২৩৮ রানে অলআউট হয়। ৯৬ রানের দারুণ ইনিংস খেলেও সেঞ্চুরি পাননি তাওহিদ হৃদয়। ৯৮ বলে ৮ চার ও ১ ছক্কায় সাজানো তাঁর ইনিংসটি শেষ হয় ইনিংসের তিন বল বাকি থাকতে। দলের আর কেউ পঞ্চাশ ছুঁতে পারেননি। মধ্যাঞ্চলের হয়ে রিপন নেন ৪ উইকেট।
জবাবে শুরুতে কিছুটা ধাক্কা খেলেও দ্বিতীয় উইকেটে সাইফ-নাঈমের ১৪৪ রানের জুটি ম্যাচের ভাগ্য গড়ে দেয়। নাঈম ৮৭ বলে ৭৮ এবং সাইফ ৭৮ বলে ৮৭ রান করেন। তাঁদের বিদায়ের পরও জয়ের পথ থেকে সরে যায়নি মধ্যাঞ্চল। ৩৯তম ওভারে একটি ওয়াইড থেকেই নিশ্চিত হয় বিসিএল ওয়ানডের পঞ্চম আসরে মধ্যাঞ্চলের দ্বিতীয় শিরোপা।
এই টুর্নামেন্টকে আসন্ন আন্তর্জাতিক সূচির প্রস্তুতি হিসেবেই দেখছে বিসিবি। ১১ মার্চ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের ব্যস্ত এক বছর। র্যাংকিংয়ের সেরা নয় দলের মধ্যে থেকে সরাসরি বিশ্বকাপ খেলার লক্ষ্য সামনে রেখে ২২টি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।
সংক্ষিপ্ত স্কোর
উত্তরাঞ্চল: ৪৯.৩ ওভারে ২৩৮ অলআউট (হৃদয় ৯৬, নাজমুল ৩৫, সাব্বির ২৪; রিপন ৪/৪১)।
মধ্যাঞ্চল: ৩৮ ওভারে ২৩৯/৫ (সাইফ ৮৭, নাঈম ৭৮)।
ফল: মধ্যাঞ্চল ৫ উইকেটে জয়ী।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।