দিল্লিতে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ২০:০০
ভারতের বিশেষ ভোটার তালিকা সংশোধন কার্যক্রমকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছান এবং দিল্লি পুলিশের সঙ্গে উত্তপ্ত বাকযুদ্ধে জড়িয়ে পড়েন।
বঙ্গ ভবনের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন দেখে মমতা বলেন, “আমি এখানে আন্দোলনের জন্য আসিনি, ন্যায়বিচারের দাবিতে এসেছি। সাধারণ মানুষের ওপর অত্যাচার ও হুমকি বরদাশত করা হবে না।” তিনি দিল্লি পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফরের সঙ্গে তুলনা টানেন এবং অভিযোগ করেন, বাংলার প্রতিনিধিরা দিল্লিতে ‘কালো গালিচা’ দিয়ে স্বাগত পাচ্ছেন।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, দেশের অন্য কেউ লড়াই না-ও করুক, তিনি এবং তার দল এককভাবে লড়াই চালিয়ে যাবেন।
মঙ্গলবার বিকেলে মমতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ১৫ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবে। এই দলে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
তৃণমূল অভিযোগ করছে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়াটি পক্ষপাতদুষ্ট, বৈষম্যমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও নির্বাচন কমিশন নীরব থাকার কারণে তারা সরাসরি দিল্লি এসে দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বর্তমানে পশ্চিমবঙ্গসহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ ভোটার তালিকা সংশোধন কার্যক্রম চলছে। চূড়ান্ত তালিকা আগামী ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সংশোধনী প্রক্রিয়ায় অসংখ্য নাম বাদ বা অন্তর্ভুক্তি নিয়ে তৃণমূলের আশঙ্কা নতুন রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।
সূত্র: দ্য টাইমস্ অফ ইন্ডিয়া
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।