‘প্রিন্স’-এর ‘পরী’ গান প্রকাশ, রোমান্টিক লুকে নতুন চমক শাকিব খান-এর
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৯:২১
ঢালিউড সুপারস্টার শাকিব খান-কে ঘিরে ঈদ মানেই বাড়তি উন্মাদনা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এবার তার নতুন সিনেমা প্রিন্স-এর প্রথম রোমান্টিক গান ‘পরী’ প্রকাশ পেয়েছে, যা ইতোমধ্যেই দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।
আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। গানটির চিত্রায়ণে দুই বাংলার দর্শকদের জন্য দৃষ্টিনন্দন ও রোমান্টিক এক আবহ তৈরি করা হয়েছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও সোমনুর মনির কোনাল। আর গীতিকার রবিউল ইসলাম জীবন-এর কথায় সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। ‘পরী’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
৩ মিনিট ৩০ সেকেন্ডের এই গানে শাকিব খানকে দেখা গেছে এক ভিন্ন লুকে—লম্বা চুল, কানে দুল এবং নকশাদার জ্যাকেটে। অন্যদিকে জ্যোতির্ময়ী কুণ্ডু নীল ও লাল শাড়িতে হাজির হয়েছেন আকর্ষণীয় রূপে।
মরুভূমির বালিয়াড়ি, পাহাড়ের চূড়া এবং রাজস্থানি আবহে নির্মিত গানের দৃশ্যগুলো দর্শকদের কাছে আলাদা মাত্রা যোগ করেছে। গ্যাংস্টার লুকের অ্যাকশনের পর শাকিব খানের এই রোমান্টিক রূপ দর্শক ও হল মালিকদের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি করেছে।
‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস’ প্রযোজিত সিনেমাটি চলতি ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমার মাধ্যমে শাকিব খান ও জ্যোতির্ময়ী কুণ্ডু প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধলেন, যা নিয়ে ভক্তদের প্রত্যাশাও তুঙ্গে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।