তাড়াশে কৃষকের রহস্যজনক মৃত্যু, ভাইয়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৯:২২
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় রইচ উদ্দিন নামে এক কৃষকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড; যদিও অভিযুক্ত তার ভাই মজনু অভিযোগ অস্বীকার করেছেন।
নিহতের ছেলে সিয়াম হোসেন বৃহস্পতিবার (১৯ মার্চ) সাংবাদিকদের জানান, গত শুক্রবার (১৩ মার্চ) তাদের সেচপাম্প ঘর থেকে রইচ উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে প্রচার করা হয় বলে অভিযোগ করেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, রইচ উদ্দিন ও তার ভাই মজনুর মধ্যে দীর্ঘদিন ধরে সেচপাম্পের নিয়ন্ত্রণ ও পুকুরে মাছ চাষ নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, গত ১১ মার্চ মজনু ও তার সহযোগীরা জোর করে পুকুরের মাছ ধরে ফেলে। এতে বাধা দিলে রইচ উদ্দিনকে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয়।
সিয়াম হোসেনের দাবি, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার পর থেকেই তার বাবাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। তিনদিন পর সেচপাম্প ঘর থেকে তার বাবার মরদেহ উদ্ধার হয়, যা তিনি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন। তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।
অন্যদিকে অভিযুক্ত মজনু সব অভিযোগ অস্বীকার করে বলেন, ভাই হিসেবে তিনি এমন কাজ করতে পারেন না এবং বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।