ইরানের সঙ্গে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনাকে “খুবই ভালো” বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরোক্ষ সংলাপে বসেন। বৈঠকে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা, নিরাপত্তা পরিস্থিতি ও সম্ভাব্য চুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এরই মধ্যে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি জড়ো করেছে যুক্তরাষ্ট্র, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। তবে বিশ্লেষকদের মতে, এই আলোচনার মূল লক্ষ্য ছিল আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি ঠেকানো এবং কূটনৈতিক সমাধানের পথ খোঁজা।
আলোচনা প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন,
“ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। দেখে মনে হচ্ছে ইরান চুক্তি করতে মরিয়া। আমরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছি।”
তবে আলোচনা চলাকালেই ইরানকে লক্ষ্য করে একটি নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। ওই আদেশে তেহরানের বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, যেসব দেশ ইরান থেকে পণ্য আমদানি করবে, তাদের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ‘সেকেন্ডারি শুল্ক’ আরোপ করবে।
বিশ্লেষকদের মতে, একদিকে কূটনৈতিক আলোচনা চালু রাখা এবং অন্যদিকে অর্থনৈতিক চাপ বাড়ানোর এই দ্বিমুখী কৌশলই বর্তমানে যুক্তরাষ্ট্রের নীতির মূল দিক হয়ে উঠেছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।