পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে সোশ্যালিস্ট প্রার্থীর বড় জয়
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩৩
পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে সোশ্যালিস্ট পার্টির প্রার্থী আন্তোনিও হোসে সেগুরো বিপুল ভোটে জয়লাভ করেছেন। এই জয়কে দেশটির মধ্যপন্থি ও গণতান্ত্রিক শক্তির একটি বড় বিজয় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে সেগুরো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থি নেতা আন্দ্রে ভেনতুরাকে বড় ব্যবধানে পরাজিত করেন। ৯৯ শতাংশেরও বেশি ভোট গণনার পর দেখা যায়, ৬৩ বছর বয়সী সেগুরো মোট ভোটের ৬৬ দশমিক ৮ শতাংশ পেয়েছেন। অপরদিকে ভেনতুরা পেয়েছেন ৩৩ দশমিক ২ শতাংশ ভোট।
এই জয়ের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য পর্তুগালের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তোনিও হোসে সেগুরো।
পর্তুগালের রাজনৈতিক ইতিহাসে গত ৪০ বছরের মধ্যে এটিই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন, যা দ্বিতীয় দফা বা রান-অফ ভোটে গড়িয়েছে। প্রথম দফায় কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফার আয়োজন করা হয়।
বিজয়ের পর দেওয়া ভাষণে সেগুরো বলেন, তিনি সকল পর্তুগিজ জনগণের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকবেন। তার এই জয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে অভিনন্দন জানিয়েছেন।
অন্যদিকে পরাজিত হলেও আন্দ্রে ভেনতুরার প্রাপ্ত ভোট তার রাজনৈতিক প্রভাব বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। ৪৩ বছর বয়সী এই নেতা গত বছরের সাধারণ নির্বাচনে তার দল ‘চেগা’র মাধ্যমে ২২ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছিলেন, যা এবারের প্রেসিডেন্ট নির্বাচনে বেড়ে ৩৩ শতাংশে পৌঁছেছে। ভেনতুরা পরাজয় মেনে নিলেও দাবি করেছেন, তার দলই ভবিষ্যতে পর্তুগালের ডানপন্থি রাজনীতির নেতৃত্ব দেবে এবং দেশ শাসনের স্বপ্ন দেখছে।
নির্বাচনের সময় দেশটির কিছু অঞ্চলে ভয়াবহ ঝড় ও বন্যার কারণে ভোট গ্রহণে সাময়িক বিঘ্ন ঘটে। বন্যাজনিত কারণে তিনটি পৌরসভায় ভোট এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হলেও তা মোট ভোটারের মাত্র ০.৩ শতাংশ হওয়ায় সামগ্রিক ফলাফলে এর কোনো প্রভাব পড়েনি।
উল্লেখ্য, পর্তুগালের প্রেসিডেন্টের পদটি মূলত আলংকারিক হলেও সংসদ ভেঙে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকে। নবনির্বাচিত প্রেসিডেন্ট আন্তোনিও হোসে সেগুরো আগামী মার্চের শুরুর দিকে বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসার স্থলাভিষিক্ত হবেন।
সূত্র: আলজাজিরা
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।