ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকার
তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে চায় জয়
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:০৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তবে নির্বাচনের ফলাফল স্বীকৃতি দিতে রাজি না হলেও, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তার সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক।
যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভি সাক্ষাৎকার নেয় জয়ের। বাংলাদেশ সময় শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে টেলিভিশনটি সাক্ষাৎকারটি সম্প্রচার করে।
সাক্ষাৎকারে জয় বলেন, "আমি এমন একজন মানুষ, যে সবসময় আলোচনায় বিশ্বাস করে, তা যত কঠিনই হোক বা যার সঙ্গেই হোক। এটাই আমার কৌশল, জীবনে সবসময়ই এভাবেই চলেছি।"
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে জাতিসংঘসহ বিভিন্ন দেশ স্বাগত জানালেও, জয়ের মতে, এই নির্বাচন ‘প্রহসন’।
তিনি আরও বলেন, "দেশের সবচেয়ে বড় দল এবং সব প্রগতিশীল দলকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। মূলত এমনভাবে সাজানো একটি নির্বাচন হয়েছে, যাতে সবচেয়ে বড় ইসলামপন্থি দল জামায়াতে ইসলামী তাদের জনসমর্থনের তুলনায় অনেক বেশি প্রভাব সংসদে পায়।"
জয় বলেন, দেশের দুই প্রধান রাজনৈতিক দলের একটি নিষিদ্ধ অবস্থায় নির্বাচনকে কীভাবে গ্রহণযোগ্য বলা যায়? তিনি তুলনা করে বলেন, "যুক্তরাজ্যে যদি টোরি বা লিবারেলদের কোনো একটি দল নিষিদ্ধ করা হতো, সেটার সমতুল্য পরিস্থিতি এটি।"
তিনি আরও মন্তব্য করেন, এই নির্বাচন কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে বিবেচনা করা যায় না।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।