২০ এপ্রিল বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ২০:১৫
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২০ এপ্রিল নির্ধারিত এই সফরটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর তার প্রথম নিজ জেলা সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সড়কপথে ঢাকা থেকে বগুড়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। তার সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সফরের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরসূচি অনুযায়ী, বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে জেলা জজ কোর্টে যাবেন। সেখানে অনলাইনে বেলবন্ড প্রদান কার্যক্রম এবং বার সমিতির নবনির্বাচিত ভবনের উদ্বোধন করবেন। পরে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
এরপর তিনি গাবতলীর বাগবাড়িতে নিজ পৈতৃক ভিটায় যাবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খাল কাটার কর্মসূচির উদ্বোধন করবেন।
দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল সাড়ে ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।