আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬
পাক-আফগান সীমান্তে পাকিস্তানি সেনাচৌকিতে বিদ্রোহীদের অতর্কিত হামলার জেরে চরম উত্তেজনার পর শেষ পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঘোষণার পরপরই আফগান ভূখণ্ডে শুরু হয় পাকিস্তানের সামরিক অভিযান, যার কোড নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গজব-লিল হক’।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি কড়া ভাষায় আফগানিস্তানের তালেবান সরকারকে সতর্ক করে বলেন, দীর্ঘদিন সংযম দেখানো হলেও এখন আর সেই সুযোগ নেই, সামনে কেবল যুদ্ধ।
ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের বিমান বাহিনী আফগান আকাশসীমায় প্রবেশ করে ব্যাপক বিমান হামলা শুরু করে। হামলায় মূলত আফগান সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
আফগানিস্তানের রাজধানী কাবুল ছাড়াও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাকতিয়া ও কান্দাহার প্রদেশে ব্যাপক বোমা বর্ষণের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
পাকিস্তানি সামরিক সূত্রের দাবি, সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর উসকানিমূলক হামলার জবাব দিতেই এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।