পাকিস্তানের বন্দরনগরী করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। রোববার (১ মার্চ) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জিও নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে করাচির এম টি খান রোডে অবস্থিত মার্কিন কনস্যুলেট ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা। একপর্যায়ে বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় পাথর নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে ৯ জন নিহত ও ১৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর কনস্যুলেট এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ ও রেঞ্জার সদস্য মোতায়েন করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সিন্ধু প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান করাচির অতিরিক্ত আইজির কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।” পাশাপাশি প্রদেশজুড়ে স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।