সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

এবার মার্কিন দূতাবাসে আঘাত হানলো ইরানের মিসাইল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৫:৫৭

ছবি: সংগৃহীত

কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস ও এর আশপাশের এলাকায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনার পরপরই সেখানে আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্সের খবরে বলা হয়, ঘটনাস্থলে দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন সংশ্লিষ্টরা।

ধোঁয়া দেখা যাওয়ার পরই সতর্কবার্তা জারি করে যুক্তরাষ্ট্র। দূতাবাস এলাকায় কাউকে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিজ নিজ বাসায় অবস্থান নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের প্রকাশিত নির্দেশনায় জানিয়েছে, দূতাবাসে আসা থেকে বিরত থাকতে হবে। বাসস্থানের সবচেয়ে নিচতলায় এবং জানালা থেকে দূরে অবস্থান নিতে বলা হয়েছে। বাইরে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের যেখানেই আছেন সেখানেই আশ্রয় নিতে, সম্ভাব্য হামলার ক্ষেত্রে নিজেদের নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে এবং অতিরিক্ত হামলার আশঙ্কায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিজ নিজ অবস্থানে আশ্রয় নিয়েছেন।

সূত্র: বিবিসি

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top