সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত (ভিডিও)

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১২:১৪

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত (ভিডিও) ।  ছবি: সংগৃহীত

কুয়েতের আকাশে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালের দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আগুনে জ্বলতে থাকা একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হতে দেখা যায়।

ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম The Times of Israel-এর প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়ার সময় অন্তত একজন পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কিংবা ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বার্তা সংস্থা Reuters একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, কুয়েতে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। সোমবার উপসাগরীয় দেশটিতে বিমান হামলার সাইরেন শোনা যাওয়ার পরপরই এ ঘটনা ঘটে বলে জানা যায়।

এর আগে ইরানকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে উপসাগরীয় জোট Gulf Cooperation Council (জিসিসি)। সংগঠনটি সতর্ক করে বলেছে, নিজেদের নিরাপত্তা রক্ষায় সদস্য রাষ্ট্রগুলো প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে।

রোববার (১ মার্চ) জিসিসির সদস্য দেশগুলো এক বৈঠকে বসে। তাদের দাবি, ইরানের হামলায় সদস্য রাষ্ট্রগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের হামলার নিন্দা জানিয়ে জোটটি এক বিবৃতিতে অভিযোগ করেছে, এসব পদক্ষেপের মাধ্যমে ইরান সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top