ইরান ধ্বংসে ট্রাম্পকে সমর্থন দিল মার্কিন সিনেট
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ০৯:৫৭
ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। বুধবার দ্বিদলীয় একটি প্রস্তাব অগ্রসর হওয়া ঠেকিয়ে প্রেসিডেন্টের পক্ষেই অবস্থান নেয় সিনেট।
প্রস্তাবটিতে ইরানের বিরুদ্ধে চলমান বিমান হামলা বন্ধ করা এবং ভবিষ্যতে যেকোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার আহ্বান জানানো হয়েছিল।
ভোটাভুটিতে ৫৩–৪৭ ভোটে প্রস্তাবটি অগ্রসর না করার সিদ্ধান্ত হয়। প্রায় পুরোপুরি দলীয় বিভাজনেই ভোট হয়। একজন ব্যতিক্রম ছাড়া সব রিপাবলিকান সদস্য প্রস্তাবের বিপক্ষে এবং একজন ব্যতিক্রম ছাড়া সব ডেমোক্র্যাট সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন।
প্রস্তাবের সমর্থকদের দাবি, সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে ফিরিয়ে আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তাদের মতে, প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে বিদেশে বারবার সেনা মোতায়েন ও সামরিক পদক্ষেপ নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
অন্যদিকে বিরোধীদের যুক্তি, দেশের নিরাপত্তা রক্ষায় প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সীমিত সামরিক হামলার নির্দেশ দেওয়ার সাংবিধানিক ক্ষমতা রাখেন। তারা আরও অভিযোগ করেন, এ ধরনের উদ্যোগ মার্কিন বাহিনীর নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সিনেটর জিম রিশ বলেন, এটি কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধ নয়, বরং খুব দ্রুত শেষ হবে।
বর্তমানে রিপাবলিকানরা সিনেট ও প্রতিনিধি পরিষদ- উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠ। এর আগেও প্রেসিডেন্টের যুদ্ধসংক্রান্ত ক্ষমতা সীমিত করার উদ্যোগ তারা আটকে দিয়েছিল।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।