ইসরাইল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ০৯:৫৯
ইসরাইল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ছোড়া ক্ষেপণাস্ত্র মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
শনিবার সকালে ইসরাইলি সামরিক বাহিনী এ তথ্য জানায়। তারা জানায়, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি মোকাবিলায় কাজ করছে।
দেশটির একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, পরিস্থিতি পর্যালোচনার পর বাসিন্দাদের সুরক্ষিত আশ্রয়স্থল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
অন্যদিকে দক্ষিণ ইসরাইলে ইরানের আরও একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। এতে জেরুজালেম ও আশপাশের এলাকা এবং দক্ষিণ ইসরাইলের কিছু অংশে সতর্কতা সাইরেন বেজে ওঠে।
এদিকে ইরানের রাজধানী তেহরানের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মেহেরাবাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরে জ্বলন্ত বিমান ও ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
স্থানীয় সময় শুক্রবারের স্যাটেলাইট চিত্রে বিমানবন্দরটিতে বেশ কয়েকটি বিমানের অবস্থান দেখা গিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিমানবন্দরের কিছু অংশে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরাইলি সামরিক বাহিনী ইরানে নতুন দফায় ব্যাপক বিমান হামলা শুরুর ঘোষণা দেওয়ার পরই এ ঘটনা ঘটেছে।
এর আগে গত ৪ মার্চ একই বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরাইল। সে সময় তাদের দাবি ছিল, ইসরাইলি বিমান বাহিনীর জন্য হুমকি তৈরি করতে পারে—এমন প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা ধ্বংস করতেই ওই হামলা চালানো হয়। হামলায় বিমানবন্দরের হেলিকপ্টার তৈরির একটি অংশও ক্ষতিগ্রস্ত হয় বলে জানানো হয়েছিল।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।