হরমুজ প্রণালি উদ্ধারে ট্রাম্পের আকুল আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৩:০৭
ইরানের প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি অচল হয়ে পড়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ আহ্বানে মিত্র দেশগুলোর কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাওয়া যাচ্ছে না বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা গেছে।
এক সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেন, মিত্র দেশগুলো যদি হরমুজ প্রণালি নিরাপদ রাখতে এগিয়ে না আসে, তাহলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ সংকটে পড়তে পারে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস জানিয়েছেন, হরমুজ প্রণালি সচল রাখা ইউরোপের স্বার্থে গুরুত্বপূর্ণ হলেও এটি ন্যাটোর কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়।
জার্মানির পক্ষ থেকেও জানানো হয়েছে, চলমান এই উত্তেজনার সঙ্গে ন্যাটোর কোনো সরাসরি সম্পর্ক নেই এবং এটিকে ন্যাটোর যুদ্ধ হিসেবে দেখা হচ্ছে না।
অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, মিত্রদের সঙ্গে সমন্বয় করে একটি কার্যকর যৌথ পরিকল্পনা তৈরির চেষ্টা চলছে, যাতে দ্রুত নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনা যায় এবং অর্থনৈতিক ক্ষতি কমানো সম্ভব হয়।
চীনকে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি। বরং সব পক্ষকে সামরিক উত্তেজনা বৃদ্ধি না করার আহ্বান জানানো হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংসদে জানিয়েছেন, আপাতত হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই।
অস্ট্রেলিয়াও একই অবস্থান নিয়েছে। দেশটি জানিয়েছে, এ অঞ্চলে কোনো জাহাজ পাঠানোর পরিকল্পনা তাদের নেই।
তবে পরবর্তীতে ট্রাম্প দাবি করেন, অনেক দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে আগ্রহ দেখিয়েছে। যদিও তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি। তার ভাষায়, কিছু দেশ অত্যন্ত আগ্রহী হলেও কিছু দেশের সাড়া প্রত্যাশিত নয়, যা তার কাছে গুরুত্বপূর্ণ।
হরমুজ প্রণালি বিশ্ব তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে বিবেচিত। এই পথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।