ভোটার তালিকা থেকে বাদ নবাব পরিবারের ৩৪৬ সদস্য, অভিযোগে তোলপাড় মুর্শিদাবাদ
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১০:৩৭
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নবাব পরিবারের ৩৪৬ সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। তারা সবাই বাংলার সাবেক নবাব মীর জাফর-এর বংশধর বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-এর এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনের ‘বিশেষ নিবিড় সংশোধনী’ কার্যক্রমের পর প্রথমে তাদের নাম ‘বিচারাধীন’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হলে দেখা যায়, পরিবারের কয়েকশ সদস্যের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। অথচ ২০২৫ সাল পর্যন্ত তারা নিয়মিত ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন।
‘ছোট নবাব’ নামে পরিচিত সৈয়দ রেজা আলী মির্জা অভিযোগ করে বলেন, প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার পরও তার নামসহ পরিবারের অনেক সদস্যের নাম বাদ দেওয়া হয়েছে। এমনকি তার ছেলের নামও তালিকা থেকে বাদ পড়েছে, যিনি একজন জনপ্রতিনিধি।
পরিবারের আরেক সদস্য সৈয়দ মোহাম্মদ ফাহিম মির্জা জানান, ২০০২ সালের ভোটার তালিকাতেও তাদের নাম ছিল। হঠাৎ করে নাম বাদ পড়ার কারণ তারা বুঝতে পারছেন না।
নবাব পরিবারের দাবি, দেশভাগের সময় তাদের পূর্বপুরুষ ওয়াসিফ আলি মির্জা ভারতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারা আরও উল্লেখ করেন, মুর্শিদাবাদকে ভারতের অন্তর্ভুক্ত রাখতে তাদের পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অতীতে ভারতের সর্বোচ্চ আদালতও তাদের বংশপরিচয় স্বীকৃতি দিয়েছে বলেও দাবি তাদের।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ২৩ এপ্রিল মুর্শিদাবাদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হলে চলতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।